Print

সারাদিন

জুলাই সনদের খসড়ার যেসব বিষয়ে আপত্তি বিএনপির

প্রকাশিত: ৪:৩৭ অপরাহন, গাস্ট ১৯, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

জুলাই সনদের চূড়ান্ত খসড়ার সূচনা ও ২, ৩, ৪ দফা নিয়ে আপত্তি জানিয়েছে বিএনপি। খসড়ার সূচনায় অসত্য তথ্য রয়েছে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, আলোচনায় না হওয়া কিছু বিষয় খসড়ায় যুক্ত করা হয়েছে এবং কিছু বিষয়ে সঠিক উপস্থাপন হয়নি। সবকিছু পর্যালোচনা করে কমিশনকে মতামত জানাবে বিএনপি।

তিনি বলেন, জুলাই সনদের ৮৪ দফার মধ্যে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণ জরুরি। আবার যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট এসেছে সেগুলোর সুরাহাও প্রয়োজন। তবে খসড়ায় সংবিধান সংশোধনের বিষয়টি অস্পষ্ট রাখা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আগের সনদে সংসদ গঠনের দুই বছরের মধ্যে বাস্তবায়নের অঙ্গীকার ছিল, কিন্তু নতুন খসড়ায় তা নেই। বরং দ্বিতীয় দফার আলোচনার ভিত্তিতে সনদকে সংবিধানের উপরে রাখা হয়েছে, যা ভবিষ্যতের জন্য খারাপ নজির হতে পারে।

এছাড়া, জুলাই সনদ নিয়ে প্রশ্ন তোলা যাবে না-এমন ধারা রাখাটাও সঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। কমিশনের প্রস্তুতি প্রায় শেষপর্যায়ে। গত কয়েকদিনে বেশ কয়েকজন উপদেষ্টা খুব দৃঢ়ভাবে উচ্চারণ করেছেন। এটা নিয়ে আমাদের কোনো সংশয় নেই। যারা নির্বাচন নিয়ে বিভিন্ন কথাবার্তা মাঠের বক্তৃতায় বলছেন তারা হয়তো নির্বাচনী কৌশল হিসেবে বিভিন্ন পক্ষকে চাপে রাখার জন্য বলতে পারেন, এটা তাদের বক্তব্য, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’

Nagad
Nagad