প্রকাশিত: ৮:০৮ অপরাহন, গাস্ট ১৯, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
দেশের জ্বালানি চাহিদা মেটাতে যুক্তরাজ্য থেকে তিন কার্গো তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে এক হাজার ৪৪২ কোটি ৩ লাখ ৯৬ হাজার ৩৮৮ টাকা।
মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সূত্র জানায়, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিজ গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে তিন কার্গো এলএনজি আমদানি করা হবে।
প্রস্তাব অনুযায়ী—প্রথম কার্গো (১৯-২০ অক্টোবর ২০২৫): প্রতি এমএমবিটিইউ ১১.৪৪ ডলার দরে, ব্যয় হবে ৪৮০ কোটি ৬৭ লাখ টাকা।, দ্বিতীয় কার্গো (৬-৭ অক্টোবর ২০২৫): প্রতি এমএমবিটিইউ ১১.৩৪ ডলার দরে, ব্যয় হবে ৪৭৬ কোটি ৪৭ লাখ টাকা। তৃতীয় কার্গো (২৮-২৯ অক্টোবর ২০২৫): প্রতি এমএমবিটিইউ ১১.৫৪ ডলার দরে, ব্যয় হবে ৪৮৪ কোটি ৮৮ লাখ টাকা।
এভাবে মোট তিন কার্গো এলএনজি আমদানিতে খরচ হবে ১৪৪২ কোটি টাকারও বেশি।