প্রকাশিত: ৮:২৪ অপরাহন, গাস্ট ১৯, ২০২৫
সারাদিন ডেস্ক
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন মাধ্যমে কটূক্তি বা সমালোচনায় অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে তারা কম বয়সী, সন্তানের বয়সী। বয়স বাড়লে নিজেরাই বুঝতে পারবে তারা ভুল করেছে এবং তখন লজ্জিত হবে।
মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার সেনানিবাসে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে সেনা কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে ভুয়া তথ্য বা বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হচ্ছে। তবে এসব দেখে বিভ্রান্ত হওয়া যাবে না, বরং সতর্ক থাকতে হবে যেন বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়।
আগামী জাতীয় নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে জানিয়ে সেনাপ্রধান বলেন, দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন। এ সময়ে জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং পেশাদারিত্ব দেখাতে হবে।
তিনি আরও বলেন, প্রতিশোধমূলক কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না। দেশের মানুষ এখন সেনাসদস্যদের দিকে তাকিয়ে আছে। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ন রাখতে হবে।