প্রকাশিত: ৮:৩৩ অপরাহন, গাস্ট ১৯, ২০২৫
সারাদিন ডেস্ক
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৭ কর্মকর্তার সম্পদ বিবরণী চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৯ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নামে বা তাদের পক্ষে অন্য কারও নামে বৈধ উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ রয়েছে। তাই তাদের সম্পদ ও দায়-দেনার হিসাব দাখিলের নির্দেশনা জারির সিদ্ধান্ত নিয়েছে দুদক।
দুদকের তালিকায় রয়েছেন— এনবিআর সদস্য মো. লুৎফুল আজিম, আয়কর নীতি সদস্য এ কে এম বদিউল আলম, সাবেক অতিরিক্ত মহাপরিচালক মো. আলমগীর হোসেন, যুগ্ম কমিশনার মো. তারিক হাসানসহ কাস্টমস, ভ্যাট ও কর অঞ্চলভুক্ত বিভিন্ন পদে থাকা কর্মকর্তারা।
এর আগে জুন ও জুলাই মাসে ধাপে ধাপে ১৬ জন এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। এছাড়া এনবিআর সংস্কার আন্দোলনে সম্পৃক্ততার অভিযোগে সম্প্রতি ৯ জন শীর্ষ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে, এনবিআর সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় আন্দোলনকারীরা এখনো চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে অটল রয়েছেন। তারা তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করলেও মঙ্গলবার সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় অফিসে ফেরেন এনবিআর চেয়ারম্যান।