প্রকাশিত: ৩:২১ অপরাহন, গাস্ট ২০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পৃথক দুই মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
বুধবার (২০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ মিজবাহ উর রহমান এ আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
নথি থেকে জানা গেছে, উত্তরা পূর্ব থানাধীন ইসতিয়াক মাহমুদ হত্যা চেষ্টার মামলায় আতিকুল ইসলামকে এবং মোহাম্মদপুর থানার ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় পলককে গ্রেপ্তার দেখানো হয়।
ঘটনার বিবরণে বলা হয়, গত ১৮ জুলাই ইসতিয়াক মাহমুদসহ কয়েকজন স্থানীয় ব্যবসায়ী আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে কর্মসূচিতে অংশ নিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়ে গুলি করে। এতে ইসতিয়াক মাহমুদ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় গত ২৯ অক্টোবর তিনি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এদিকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে গ্রেপ্তারি আবেদনের প্রেক্ষিতে আদালত একইদিনে আদেশ দেন।