Print

সারাদিন

বৃহস্পতিবার ঢাকায় আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ৪:০৩ অপরাহন, গাস্ট ২০, ২০২৫

সারাদিন ডেস্ক

আগামীকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) চার দিনের সফরে ঢাকা আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। ঢাকায় অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে তার মূল বৈঠক হবে। সফরে বাংলাদেশ–পাকিস্তান বাণিজ্য সম্পর্ক জোরদার করাকে প্রাধান্য দেওয়া হবে।

সূত্র জানায়, গত জুনে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সফর নিয়ে প্রাথমিক আলোচনা হলেও নানা কারণে সেটি পিছিয়ে যায়। অবশেষে চার দিনের সফরে বৃহস্পতিবার তিনি ঢাকায় পৌঁছাবেন।

এ সফরে কামাল খান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। জানা গেছে, দুই দেশের মধ্যে বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে সমঝোতা স্মারক (MoU) সইয়ের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে এই সফরেই ওই সমঝোতা সই হতে পারে।

অন্যদিকে, কামাল খানের ঢাকা সফরের সময়ই আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি ২৩ আগস্ট ঢাকায় পৌঁছাবেন। সফরকালে ২৪ আগস্ট পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। এতে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতার নানা বিষয়ে আলোচনা হওয়ার পাশাপাশি একাধিক সমঝোতা স্মারক সই হতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।