প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৫
সারাদিন ডেস্ক
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের একটানা আগ্রাসন ও ধ্বংসযজ্ঞের মধ্যেও নতুন আশা দেখাচ্ছেন নাদিন আইয়ুব। চলতি বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন ২৭ বছর বয়সী নাদিন, যিনি একজন প্রতিষ্ঠিত আইনজীবী ও মডেল।
মিস ইউনিভার্স অর্গানাইজেশন জানিয়েছে, এবারের আসরে ১৩০টিরও বেশি দেশ ও অঞ্চলের সুন্দরীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। নাদিনের উদ্দেশ্য ফিলিস্তিনি জনগণের কণ্ঠস্বর হয়ে বিশ্বের কাছে তাদের দুঃখ, দৃঢ়তা ও সহনশীলতার বার্তা পৌঁছে দেওয়া।
নাদিন ইনস্টাগ্রামে জানিয়েছেন, তিনি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধি হতে চান এবং মাতৃভূমির প্রতি গর্ব ও ভালোবাসার বার্তা প্রচার করবেন।
মিস ইউনিভার্সের ৭৪তম আসরের চূড়ান্ত প্রতিযোগিতা আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, ফিলিস্তিনের প্রথম প্রতিনিধিত্ব আন্তর্জাতিক মঞ্চে দেশের চিত্র ও নারীর শক্তিমত্তা তুলে ধরবে।