প্রকাশিত: ৮:৪০ অপরাহন, গাস্ট ২০, ২০২৫
সারাদিন ডেস্ক
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দৃশ্যমান বিচার, মৌলিক সংস্কার ও পিআর পদ্ধতি চূড়ান্ত করার পরেই নির্বাচনের আয়োজন করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সামনে নির্বাচনে ইসলামপন্থীরাই ক্ষমতায় আসবে।
বুধবার (২০ আগস্ট) বিকেলে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৫ আগস্টের পর রাষ্ট্র কাঠামো ও আইনি সংস্কারে কিছুটা অগ্রগতি হলেও রাজনৈতিক সংস্কৃতিতে কোনো পরিবর্তন আসেনি। চাঁদাবাজি, সন্ত্রাস এমনকি রাজনৈতিক পরিচয়ে ধর্ষণের মতো অপরাধ বেড়েছে। মিডফোর্ট হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের প্রতিবাদ জনতার স্বাভাবিক প্রতিক্রিয়া হলেও সেটিকে রাজনৈতিক ইস্যু বানিয়ে আড়াল করা হয়েছে। এসব অপরাধের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা তাদের বহিষ্কার সিদ্ধান্তেই স্পষ্ট হয়েছে। তাই বিএনপিকে দায় নিতে হবে এবং ভেতরের অপরাধীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে।
চরমোনাই পীর বলেন, ১৫ বছরের পতিত ফ্যাসিবাদের বিষাক্ত ছোঁয়া এখনও দেশকে অস্থিতিশীল করছে। রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণের সময় শিষ্টাচার মানা জরুরি, কারণ কোনোভাবেই ফ্যাসিবাদকে ফের সুযোগ দেওয়া যাবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না; বরং গড়ে উঠবে জবাবদিহিতামূলক সরকার। এতে ক্ষমতার কেন্দ্রীকরণ কমবে, সংলাপের সংস্কৃতি গড়ে উঠবে এবং প্রতিটি ভোটের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে।
ফেনীর জনগণের দুর্ভোগ প্রসঙ্গে তিনি বলেন, নদী ভাঙন, বন্যা ও পরিবেশগত অস্থিরতায় মানুষ ভোগান্তিতে আছে। এ অবস্থায় টেকসই ও বিজ্ঞানভিত্তিক বাঁধ নির্মাণ, পানি নিষ্কাশন ও বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নয়ন অত্যন্ত জরুরি।