প্রকাশিত: ৮:৫৬ অপরাহন, গাস্ট ২০, ২০২৫
সিলেট সংবাদদাতা:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন এলাকায় পাথর লুটপাটের ঘটনায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে দাখিল করেছে। প্রতিবেদনে লুটপাটে জড়িত ১৩৭ জনের তালিকা সংযুক্ত করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহের নেতৃত্বাধীন কমিটি এই প্রতিবেদন জমা দেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গণমাধ্যমসহ বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নামের তালিকা তৈরি করা হয়েছে। তালিকাভুক্তদের বেশিরভাগই রাজনৈতিক দলের নেতাকর্মী। প্রতিবেদনে কারা কীভাবে পাথর লুট করেছে, পরিবেশ বিনষ্ট করেছে এবং এর ফলে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে ১০টি সুপারিশও করা হয়েছে।
কমিটির প্রধান পদ্মাসন সিংহ জানান, আমরা বিভিন্ন দিক তুলে ধরেছি। এখন জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
এদিকে বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা শেষে বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী সাংবাদিকদের বলেন, পাথর লুটের ঘটনায় যদি প্রশাসনের কারও সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।