Print

সারাদিন

নিম্নকক্ষের ১০০ আসনে পিআর পদ্ধতি চায় এবি পার্টি

প্রকাশিত: ৯:০৮ অপরাহন, গাস্ট ২০, ২০২৫

সারাদিন ডেস্ক

আগামী সংসদ নির্বাচনে নিম্নকক্ষের অন্তত ১০০ আসনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালুর দাবি জানিয়েছে এবি পার্টি। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, উচ্চকক্ষে এ পদ্ধতি না রাখা হলেও নিম্নকক্ষে অন্তত ১০০ আসনে তা প্রবর্তন করা উচিত।

বুধবার (২০ আগস্ট) বিকেলে দলের চেয়ারম্যানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করে নয় দফা প্রস্তাবনা তুলে ধরে।

প্রস্তাবনায় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ, ভোটকেন্দ্র সংস্কার, তরুণ ভোটারদের সম্পৃক্ততা ও নির্বাচনী সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োগের ব্যবস্থা রাখার দাবি জানায় দলটি। এ সময় স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের ভোটারবিহীন স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগের প্রস্তাবও করা হয়।

ভোটগ্রহণের ক্ষেত্রে কক্ষের ভেতরে না করে মাঠ বা খোলামেলা স্থানে ভোট আয়োজনের প্রস্তাব দেয় এবি পার্টি।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, “স্বাধীনতার পরবর্তী নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে। আগামীর নির্বাচন নতুন আঙ্গিকে আয়োজন করতে হবে। ভোটারকে ভোটকেন্দ্রে আনার দায়িত্ব কমিশনের।”

তিনি আরও জানান, আগামী ফেব্রুয়ারিতে ভোট আয়োজন নিয়ে শঙ্কা থাকলেও এর মধ্যেই পরিস্থিতি ঠিক করে নির্বাচন আয়োজন সম্ভব।

Nagad
Nagad