Print

সারাদিন

অভ্যুত্থানে হতাহতদের সুবিধার গেজেট প্রকাশ

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণ ও পুনর্বাসনের বিধিমালার গেজেট প্রকাশ করেছে সরকার। বুধবার (২০ আগস্ট) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গেজেট অনুযায়ী, স্বীকৃত শহীদ পরিবারের সদস্যরা এককালীন ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র ও মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন।

আহতদের তিন ভাগে ভাগ করা হয়েছে-অতি গুরুতর আহতরা এককালীন ৫ লাখ টাকা ও মাসিক ২০ হাজার টাকা, গুরুতর আহতরা এককালীন ৩ লাখ টাকা ও মাসিক ১৫ হাজার টাকা, আহতরা এককালীন ১ লাখ টাকা ও মাসিক ১০ হাজার টাকা।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন কার্যক্রম তদারকির জন্য কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের কথা বলা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি হবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বা উপদেষ্টা, জেলা কমিটির সভাপতি হবেন জেলা প্রশাসক এবং উপজেলা কমিটির সভাপতি হবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

প্রসঙ্গত, সরকার গত ১৭ জুন ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ জারি করে। এতে গণঅভ্যুত্থানে নিহতদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

Nagad
Nagad