প্রকাশিত: ৫:৪১ অপরাহন, গাস্ট ২১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১০ জনে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) তিনজন এবং রাজশাহী বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে বরিশাল বিভাগে সর্বোচ্চ ৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এছাড়া একই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫১ জন, ঢাকা বিভাগে ৪২ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ১৫ জন এবং ময়মনসিংহ বিভাগে দুইজন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১১০ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (৫১ জন)। এছাড়া বরিশালে ১৮ জন, চট্টগ্রামে ১৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১ জন, রাজশাহীতে ৬ জন, খুলনায় ৫ জন এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে একজন করে দুইজন মারা গেছেন।