প্রকাশিত: ৫:৫৫ অপরাহন, গাস্ট ২১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, নির্বাচনের জন্য তাদের নির্ধারিত শর্ত ও দাবিসমূহ সরকার পূরণ করেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যথায় ভোট হবে না।
বৃহস্পতিবার (২১ আগস্ট) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি, সরকার তা নিশ্চিত করে নির্বাচনে যেতে হবে। তখনই আমরা প্রতিশ্রুতি দিতে পারি নির্বাচন হবে। অন্যথায় হবে না। জনমত গঠন করেই জনগণ সরকারকে পিআর পদ্ধতিতে ভোট দেওয়ার বাধ্য করবে।
তিনি আরও বলেন, সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের বিষয়ে সকলের মতামত নেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াত। নির্বাচনে সন্ত্রাস ও অনিয়ম বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে ভোট দিতে হবে। সবাই সবকিছু নাও চাইতে পারে, তত্ত্বাবধায়কও অনেকে চায়নি। তবে জাতীয় স্বার্থে পিআর পদ্ধতির নির্বাচন কল্যাণকর হবে।
হামিদুর রহমান উল্লেখ করেন, জনগণ চাইলে অবশ্যই পিআর পদ্ধতি মানতে হবে। এই দাবি নিয়ে মাঠে থাকবে জামায়াত। নির্বাচনের প্রস্তুতিও নেওয়া হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোনো সমস্যা নেই, তবে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি।