প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্, গাস্ট ২২, ২০২৫
সারাদিন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৮ জন প্রার্থী লড়াই করছেন। শুধু শীর্ষ তিন পদেই মোট প্রার্থী ৯৫ জন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংবাদ সম্মেলনে ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দীন এ তথ্য জানান। তিনি জানান, নির্বাচনে প্রাথমিক বৈধ প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ৪৬২ জন। এদের মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬০ জন।
স্থগিত প্রার্থীতা ও আপিলের সুযোগ
ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র জমা দেওয়ায় ৪৭ জনের প্রার্থীতা স্থগিত করা হয়েছে। আগামী ২৩ আগস্ট পর্যন্ত তারা আপিল করতে পারবেন। এর পর আর কোনো আপিল গ্রহণযোগ্য হবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
পদভিত্তিক প্রার্থী সংখ্যা
ভিপি পদে: ছাত্র ৪৩ জন, ছাত্রী ৫ জন, জিএস পদে: ছাত্র ১৮ জন, ছাত্রী ১ জন, এজিএস পদে: ছাত্র ২৪ জন, ছাত্রী ৪ জন, মুক্তিযুদ্ধ ও ছাত্র আন্দোলন সম্পাদক: ছাত্র ১৪ জন, ছাত্রী ১ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ছাত্র ১০ জন, ছাত্রী ১ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: ছাত্র ৭ জন, ছাত্রী ২ জন, সমাজসেবা সম্পাদক: ছাত্র ১৩ জন, ছাত্রী নেই।
মানবাধিকার ও আইন সম্পাদক: ছাত্র ৮ জন, ছাত্রী ৩ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ছাত্র ১২ জন, ছাত্রী ৩ জন,
ছাত্র পরিবহন সম্পাদক: ছাত্র ৯ জন, ছাত্রী নেই, ক্রীড়া সম্পাদক: ছাত্র ১২ জন, ছাত্রী ১ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক: ছাত্র ৭ জন, ছাত্রী ৪ জন, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: ছাত্র ২ জন, ছাত্রী ৯ জন, আন্তর্জাতিক সম্পাদক: ছাত্র ১৫ জন, ছাত্রী নেই, সাহিত্য সম্পাদক: ছাত্র ১৭ জন, ছাত্রী ২ জন, সদস্য পদে: ছাত্র ১৯১ জন, ছাত্রী ২৪ জন। সব মিলিয়ে বৈধ প্রার্থী হয়েছেন ছাত্র ৪০২ জন এবং ছাত্রী ৬০ জন।
হল সংসদেও জমজমাট প্রতিদ্বন্দ্বিতা
এছাড়া ডাকসুর পাশাপাশি হল সংসদেও বৈধ প্রার্থী দাঁড়িয়েছেন ১১০৮ জন। মাত্র একজনের প্রার্থীতা স্থগিত করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, ভোটার নম্বর, নাম পরিচয়ে ত্রুটি, রেজিস্ট্রেশন নম্বরে ভুল, অভিভাবকের নামের অসঙ্গতি কিংবা স্বাক্ষরের ভুলের কারণে প্রার্থীতা স্থগিত করা হয়েছে। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৪ আগস্ট।