Print

সারাদিন

মাইলস্টোন দুর্ঘটনা: এক মাস পর মৃত্যুর কোলে ঢলে পড়লো তাসনিয়া

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্, গাস্ট ২৩, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত শিক্ষার্থী তাসনিয়া (১৫) এক মাস মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে না–ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, গত ২১ জুলাই দুর্ঘটনায় দগ্ধ তাসনিয়াকে ভর্তি করা হয়েছিল। তার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ ছিল। আজ সকাল আটটার দিকে আইসিইউ’র ৬ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি জানান, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ২০ জন মারা গেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৩ জন এবং ১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

তাসনিয়ার বাবা মো. নাজমুল বলেন, তাসনিয়া মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। আমাদের গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলায়।

গত ২১ জুলাই ঢাকার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে শিক্ষার্থীসহ অনেকে হতাহত হন। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু শিক্ষার্থী।

Nagad
Nagad