প্রকাশিত: ৩:০৬ অপরাহন, গাস্ট ২৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। তার মতে, এ পদ্ধতি জনগণের কাছে অপরিচিত এবং গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ হতে পারে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ দিঘির মাঠে জেলা বিএনপি আয়োজিত সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযানের সমাবেশে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, হঠাৎ করে কোনো কোনো রাজনৈতিক দল পিআর পদ্ধতির কথা বলছে। পিআর পদ্ধতি কী কোনো জনগণ বলতে পারবে? এটা কি নারকেল তেলের মতো মাথায় মাখে, না সাবানের মতো শরীরে দেয়? অনেকে ধর্ম নিয়ে রাজনীতি করে, তারাও পিআর পদ্ধতির কথা বলছে।
তিনি আরও বলেন, কে সাধারণ মানুষের সুখে-দুঃখে, আনন্দ-বেদনায় মানুষের পাশে থাকবে; পিআর পদ্ধতিতে সেই লোক বাছাইয়ের সুযোগ নেই। দলের প্রতীককে ভোট দিতে হবে। এতে অনেক অনৈতিক ও রাজনীতিবিরোধী ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দলগুলো আরও বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে। শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা ওইরকম।
বিএনপি নেতা দাবি করেন, দলটি কখনও সংস্কারের বিপক্ষে অবস্থান নেয়নি। তিনি বলেন, প্রতিটি সংস্কারের বৈঠকে বিএনপি উপস্থিত থেকে বলেছে যে, প্রয়োজনীয় যে সংস্কার, সে সংস্কার করে নির্বাচনে যাবে। কিন্তু নির্বাচন যেন দীর্ঘায়িত না হয়—সেই কথা বারবার বলে এসেছে। উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কেউ কেউ নির্বাচন পেছানোর কথা বলে, আমরা জানি কেন।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া।