প্রকাশিত: ৪:৫৪ অপরাহন, গাস্ট ২৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে ২৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৮ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ২২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ২৬ হাজার ৭৮১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এ বছর ২৩ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২০২ জনে। এর মধ্যে ৫৯ দশমিক ২ শতাংশ পুরুষ ও ৪০ দশমিক ৮ শতাংশ নারী।
নতুন করে মারা যাওয়া চারজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ১১৪ জনের মৃত্যু হলো।
প্রসঙ্গত, ২০২৪ সালে সারাদেশে মোট আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় রেকর্ড ১ হাজার ৭০৫ জনের এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।