Print

সারাদিন

শেখ হাসিনা ভারতের লোক, আওয়ামী লীগ মাফিয়া ও সন্ত্রাসী দল: সালাহউদ্দিন

প্রকাশিত: ৭:২২ অপরাহন, গাস্ট ২৩, ২০২৫

কক্সবাজার সংবাদদাতা:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের রাজনীতিতে শেখ হাসিনা বা আওয়ামী লীগ দেশভিত্তিক নয়। তিনি বলেন, আওয়ামী লীগ একটি মাফিয়া ও সন্ত্রাসী দল, যা নিজের দলের মধ্যে গণতন্ত্রও বজায় রাখতে পারেনি।

শনিবার (২৩ আগস্ট) বিকালে চকরিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশ এখন নির্বাচনমুখী। ডিসেম্বর মাসে তফসিল ঘোষণা হবে। যারা সংস্কার কমিশনে গিয়ে আলোচনা করছে, তারা কোন সিদ্ধান্ত দিচ্ছে না। জনগণ তা জানে। এখন ঘরে ঘরে গিয়ে কর্মীদেরকে ধানের শীষের পক্ষে সালাম দেওয়ার আহ্বান জানাতে হবে।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে বাংলাদেশের রাজনীতি বন্দি ছিল। এই নির্বাচনে সংস্কারের মাধ্যমে জনগণের আশা প্রতিফলিত হবে। এটি হবে বিশ্বের মধ্যে নজির স্থাপনকারী নির্বাচন।

হাতপাখার সঙ্গে যুক্ত হয়েছে আর একটি দল, যে দল সব সময় বাংলাদেশে বিভ্রান্তিকর রাজনীতি করেছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, এক সময় যে দলটি স্বাধীনতার বিরুদ্ধে গেছে, আরেক সময় তারা জনগনের বিরুদ্ধে গেছে। আরেক সময় মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গেছে। এবার তারা ঘোলাপানিতে মাছ শিকার করতে চায়।

জনসভায় উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক সংসদ সদস্য এডভোকেট হাসিনা আহমেদ, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না এবং জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

Nagad
Nagad

উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। সম্মেলন উপলক্ষে চকরিয়া সরকারি কলেজের আশপাশের সড়ক-উপসড়কে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে এলাকার সাজসজ্জা করা হয়। অর্ধলক্ষাধিক মানুষ অংশগ্রহণ করে জনসভাকে বিশাল নির্বাচনী মঞ্চে রূপ দেয়।