প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্, গাস্ট ২৪, ২০২৫
সারাদিন ডেস্ক
রাজধানীর কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালিন্দী ইউনিয়নের মাদারীপুর ঘাট এলাকায় এসব মরদেহ পাওয়া যায়।
সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা জানান, উদ্ধার হওয়া মরদেহের মধ্যে রয়েছেন দুই নারী, এক পুরুষ ও তিন বছরের এক শিশু। তাদের পরিচয় এখনও জানা যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মীরেরবাগ কোল্ড স্টোরেজের পাশে ভাসমান অবস্থায় প্রথমে প্রায় ৩০ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করা হয়। তার গলায় কালো বোরকা পেঁচানো ছিল এবং পরনে ছিল গোলাপি সেলোয়ার-কামিজ। পরে একই স্থান থেকে ওড়না দিয়ে মোড়ানো অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে নৌ-পুলিশের এসআই মোক্তার হোসেন বলেন, ঘটনাস্থল থেকে আরও একটি নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। যুবকের হাতের সঙ্গে নারীর একটি হাত বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা দুই থেকে তিন দিন আগে মারা গেছেন। মরদেহ ফুলে যাওয়ায় তাদের মুখমণ্ডল চেনা কঠিন হয়ে পড়েছে।
পরিচয় শনাক্তে ফরেনসিক টিমকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।