Print

সারাদিন

নির্বাচন কমিশনে হাতাহাতি, ক্ষোভ প্রকাশ করে যা বললেন রুমিন ফারহানা

প্রকাশিত: ৪:৩১ অপরাহন, গাস্ট ২৪, ২০২৫

জ্যেষ্ঠ প্রতিবেদক:

সংসদীয় আসনের সীমানা নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আয়োজিত দাবি-আপত্তির শুনানিতে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

রোববার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে সাংবাদিকদের তিনি বলেন, যেই বিএনপির নেতাকর্মীদের জন্য গত ১৫ বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়! ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে।

রুমিন অভিযোগ করেন, পাঞ্জাবি পরিহিত এনসিপি নেতা আতাউল্লাহ প্রথম তাকে ধাক্কা দেন। এরপর দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রুমিন ফারহানা আরও বলেন, ‘আমি যেহেতু একজন আইনজীবী, আমি মনে করেছি আমার কেস আমি নিজেই প্রেজেন্ট করব। সো, আমার কেস আমি প্রেজেন্ট করেছি। আশা করেছিলাম, নির্বাচন কমিশনের সম্মানের দিকে তাকিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ এ যারা আছে, তারা গুন্ডা-পান্ডা নিয়ে ঢুকবে না নির্বাচন কমিশনে। আনফরচুনেটলি, আমি দেখলাম  ব্রাহ্মণবাড়িয়া-৩ এ যিনি প্রার্থী, তিনি তার দলবল ২০-২৫ জন মিলে গুন্ডা-পান্ডার মতন আচরণ করলেন। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক এবং আমি মনে করি এটা কমিশনের যে ভাবমূর্তি, যে গাম্ভীর্য এবং যে সম্মান—সেইটার সঙ্গে এটা যায় না।

এসময় এনসিপি নেতা আতাউল্লাহর অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেত্রী বলেন, তিনি যেহেতু খুব পরিচিত কোনো মুখ নন, এনসিপি থেকে এসেছেন, না জামায়াত থেকে এসেছেন জানি না। তবে তিনি প্রথম, পাঞ্জাবি পরা একজন যিনি আমাকে ধাক্কা দিয়েছে। তারপরে আমার লোক তো বসে থাকবে না। আমি তো একজন মহিলা।

এর আগে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের সীমানা সংক্রান্ত শুনানির সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Nagad
Nagad

জানা গেছে, কুমিল্লা অঞ্চলের দাবি-আপত্তি শুনানির মধ্য দিয়ে শুরু হয়েছে ইসির নির্ধারিত সূচি অনুযায়ী শুনানি কার্যক্রম, যা চলবে আগামী বুধবার পর্যন্ত।