Print

সারাদিন

হত্যাচেষ্টা মামলায় পলক, রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক সচিব জাহাংগীর গ্রেপ্তার

প্রকাশিত: ২:৪৯ অপরাহন, গাস্ট ২৫, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কাফরুলে জুলাই আন্দোলনের সময় করা হত্যাচেষ্টা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে জনগণের ভোট ছাড়া নির্বাচন সম্পন্ন করার অভিযোগে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলমকেও গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন। শুনানিকালে আসামি পলক ও জাহাংগীর আলমকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী এ সময় উপস্থিত ছিলেন।

কাফরুল থানার এসআই মো. শাহ আলম পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। অপরদিকে পিবিআই পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান জাহাংগীর আলমের গ্রেপ্তার দেখানোর আবেদন জানান।

আব্দুল আলিম হত্যাচেষ্টা মামলা:
গত ১৯ জুলাই কাফরুলের আরমান মেইনার গেটের সামনে গুলিবিদ্ধ হন আব্দুল আলিম। তার চোখে গুলি লাগে। দীর্ঘদিন চিকিৎসার পর গত ১ এপ্রিল তিনি মামলা দায়ের করেন।

রাষ্ট্রদ্রোহ মামলা:
গত ২২ জুন বিএনপি নেতা ও সাবেক পুলিশ কর্মকর্তা সালাহ উদ্দিন খান মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ সরকারের সময় সাংবিধানিক দায়িত্ব পালন না করে ভয়-ভীতি দেখিয়ে জনগণের ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন করা হয়।

এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনার—কাজী রকিবউদ্দীন আহমদ, এ কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল, এবং সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, জাবেদ পাটোয়ারী, বেনজির আহমেদ ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও আসামি করা হয়েছে।

Nagad
Nagad