Print

সারাদিন

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলা-ভাঙচুর, কয়েকজন আটক

প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২৫

সারাদিন ডেস্ক

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করেছে স্থানীয় পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৪ আগস্ট) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে কনস্যুলেটে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী ও কমিউনিটির দেড় শতাধিক অতিথি অংশ নেন। নিরাপত্তার স্বার্থে আগেই পুলিশ মোতায়েন ছিল।

তবে বিকেল ৫টার পর হামলাকারীরা কনস্যুলেটের সামনে জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান ও অশ্রাব্য ভাষায় গালাগাল করতে থাকে। একপর্যায়ে তারা অতিথিদের ধাওয়া দেয়, প্রবেশে বাধা সৃষ্টি করে এবং ডিম নিক্ষেপ করে। এমনকি ভবনের পাশের একটি অফিসের কাচের দরজায় আঘাত করলে সেটি ফেটে যায়।

তাৎক্ষণিকভাবে পুলিশ দুষ্কৃতকারীদের ছত্রভঙ্গ করে এবং কয়েকজনকে আটক করে। ঘটনার ছবি ও ভিডিও পুলিশের কাছে রয়েছে বলে জানানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছে নিউইয়র্ক পুলিশ।

কনস্যুলেট আরও জানায়, প্রধান অতিথি নির্বিঘ্নে সভায় অংশ নেন এবং নৈশভোজ শেষে নিরাপদে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। হামলাকারীরা তার সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ করতে পারেনি। তবে পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অপতথ্য ও প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, যা বিভ্রান্তিকর বলে কনস্যুলেট কর্তৃপক্ষ উল্লেখ করেছে।

Nagad
Nagad

দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে স্থানীয় পুলিশ, মেয়র এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্থানীয় অফিসে আনুষ্ঠানিক পত্র পাঠিয়েছে কনস্যুলেট জেনারেল।