প্রকাশিত: ৩:০০ অপরাহন, গাস্ট ২৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জেলের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে কারা অধিদফতর। সংস্থাটির নতুন নাম হতে যাচ্ছে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’।
মঙ্গলবার (২৬ আগস্ট) কারা সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
তিনি বলেন, কারাগারকেন্দ্রিক সংশোধনের বিষয়টির ওপর অধিক গুরুত্ব আরোপের জন্য এই নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে কারা বিভাগ সংশ্লিষ্ট আইন যুগোপযোগী করার লক্ষ্যে ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫’-এর খসড়া চূড়ান্ত করে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।
আইজি প্রিজন আরও জানান, বর্তমানে ধারণক্ষমতার অতিরিক্ত বন্দিদের চাপ কমাতে নতুন করে দুটি কেন্দ্রীয় কারাগার এবং চারটি জেলা কারাগার চালু করা হয়েছে। এছাড়া অধিকতর সমন্বয়ের জন্য ঢাকা কারা বিভাগকে ভেঙে দুটি বিভাগ করা হয়েছে।