প্রকাশিত: ৬:৪৭ অপরাহন, গাস্ট ২৬, ২০২৫
সারাদিন ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী নির্বাচনে যারা বাহানা দেখিয়ে অংশ নেবেন না, তারা ভবিষ্যতে রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। মঙ্গলবার (২৬ আগস্ট) নিজ বাসায় গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। তবে দুই-একটি দল বিভ্রান্তির চেষ্টা করছে। এটি তাদের রাজনৈতিক কৌশল হতে পারে। বিএনপি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা করছে। রাজনৈতিক ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা হবে।
তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দলের পিআর বা গণপরিষদ সংক্রান্ত দাবি কৌশলগত প্রস্তাব হিসেবে দেখা যেতে পারে। তবে সংবিধানের ওপরে কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না। আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলো একটি সমন্বিত অবস্থানে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
সালাহউদ্দিন বলেন, সংসদীয় সংস্কার বা নির্বাচনী প্রক্রিয়ায় যে পরিবর্তন আনা প্রয়োজন, তা ঐক্যমতের ভিত্তিতে সম্ভব। বর্তমান বিধানগুলো নির্বাচনের আগে বহাল থাকলে কিছু বিষয় সাংঘর্ষিক হতে পারে। এসব বাস্তবায়ন নির্বাচনের পর করা যেতে পারে।
তিনি স্পষ্ট করেন, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়ে বিএনপি কোনো জটিলতা চায় না। সবার ঐক্যমতে এই সরকার গঠিত হয়েছে। তত্ত্বাবধায়কের বিষয়টি পুনর্বহাল হওয়ার পর পরবর্তী নির্বাচন কার্যকর হবে। এই সরকারের ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবে। অন্যকিছু ভাবার অবকাশ নেই।
ভোটের আগে রাজনৈতিক জোটের বিষয়ে সালাহউদ্দিন বলেন, জামায়াতের সঙ্গে জোটের কোনো সুযোগ নেই। তবে যুগপৎ আন্দোলনে যারা ছিল, তাদের সঙ্গে জোট হতে পারে। এছাড়া কয়েকটি ইসলামি ঘরানার দলের সঙ্গে আলোচনা চলছে। নির্বাচনের পর সম্ভাব্য জোটের বিষয়টি চূড়ান্ত হবে।