Print

সারাদিন

‘অসন্তোষজনক’ জবাব দেওয়ায় ফজলুর রহমানের পদ স্থগিত

প্রকাশিত: ৭:৪৯ অপরাহন, গাস্ট ২৬, ২০২৫

জ্যেষ্ঠ প্রতিবেদক:

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গত ২৪ আগস্ট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, কিন্তু তিনি লিখিত জবাব না দিয়ে সময় বাড়ানোর আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ আগস্ট তাকে ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়। মঙ্গলবার তিনি যে লিখিত জবাব দিয়েছেন, তা ‘অসন্তোষজনক’ বলে উল্লেখ করা হয়েছে।

দলীয় সিদ্ধান্তে বলা হয়েছে, একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে ফজলুর রহমানের অবদান বিবেচনায় নিয়ে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া থেকে বিরত থাকা হয়েছে। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তার পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

সিদ্ধান্তে আরও উল্লেখ করা হয়েছে, এখন থেকে ফজলুর রহমানকে টকশো বা সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ন না হয় এবং জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।