Print

সারাদিন

শুনানিতে বিএনপি-এনসিপির মারামারির ঘটনায় ইসির জিডি

প্রকাশিত: ৮:১৪ পূর্বাহ্, গাস্ট ২৭, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানা নির্ধারণের শুনানি চলাকালে বিএনপি ও এনসিপি কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনায় রাজধানীর শেরে বাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৬ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ওই ঘটনায় আমরা একটি জিডি করেছি। জিডিতে কারও নাম উল্লেখ করা হয়নি। শুনানিতে হাতাহাতির ঘটনা ঘটেছে, সেটি পুলিশকে অবহিত করা হয়েছে। তদন্ত করা পুলিশের দায়িত্ব।

তিনি আরও জানান, কোনো পক্ষের আবেদনের ভিত্তিতে নয়, কমিশনের নিজস্ব উদ্যোগেই জিডি দায়ের করা হয়েছে। শেরে বাংলা থানায় জিডি করার পর পুলিশকে আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়েছে।

এর আগে গত রবিবার (২৪ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানা নিয়ে শুনানি চলাকালে উত্তেজনা সৃষ্টি হয়। জানা যায়, শুনানির একপর্যায়ে বিএনপি ও এনসিপির প্রতিনিধিরা তর্কে জড়িয়ে পড়েন। পরবর্তীতে তা মারামারিতে রূপ নেয়।

ঘটনাস্থলে উপস্থিত ইসি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে কমিশনের পক্ষ থেকে উভয় পক্ষকে শুনানি কক্ষ থেকে বেরিয়ে যেতে অনুরোধ করা হয় এবং ওই আসনের শুনানি সমাপ্ত করা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। তবে ইসি কর্তৃপক্ষ বলছে, সীমানা নির্ধারণের কাজ কোনোভাবেই বিশৃঙ্খলায় বাধাগ্রস্ত হবে না।

Nagad
Nagad