প্রকাশিত: ৪:১৩ অপরাহন, গাস্ট ২৭, ২০২৫
সারাদিন ডেস্ক
আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের দাবিগুলো ন্যায্যভাবে সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন কমিটির সভাপতি ও উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, সব পক্ষকে শুনে যৌক্তিক সমাধান করা হবে। শিক্ষার্থীদের রাস্তায় নামার আর প্রয়োজন নেই।
বুধবার (২৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও উপস্থিত ছিলেন।
প্রকৌশলীদের পেশাগত দাবি যাচাই-বাছাই করতে মন্ত্রিপরিষদ বিভাগ সম্প্রতি ৮ সদস্যের কমিটি গঠন করেছে। কমিটির সভাপতিত্ব করছেন ফাওজুল কবির খান।
তিনি বলেন, এ আন্দোলনের সূত্রপাত হয় নেসকোতে একজন প্রকৌশলীকে হত্যার হুমকির ঘটনায়। এরই মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কমিটি শিগগিরই বৈঠকে বসবে এবং দ্রুত সমাধান বের করবে।
আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বার্তা দেন, আপনারা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যান। আপনাদের প্রতিনিধিদের সঙ্গেই আমরা বসে সমাধান করব।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা যত দ্রুত সম্ভব বসব। হয়তো কালকেই আলোচনা শুরু হবে।
শিক্ষার্থীদের তিন দফা দাবি
১. নবম গ্রেডে (সহকারী প্রকৌশলী বা সমমানের পদ) নিয়োগ পরীক্ষায় অংশ নিতে হলে বিএসসি ডিগ্রি বাধ্যতামূলক করতে হবে। কোটার মাধ্যমে বা সমমানের পদ সৃজন করে পদোন্নতি দেওয়া যাবে না।
২. দশম গ্রেডের (উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদ) নিয়োগ পরীক্ষা বিএসসি ও ডিপ্লোমাধারীদের জন্য উন্মুক্ত রাখতে হবে।
৩. বিএসসি ডিগ্রি ছাড়া কেউ “ইঞ্জিনিয়ার” পদবি ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, তিন দফা দাবিতে মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর অন্যতম ব্যস্ততম সড়ক শাহবাগ মোড় পাঁচ ঘণ্টা অবরোধ করে রেখেছিলেন বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি পূরণে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় বুধবার (২৭ আগস্ট) সারাদেশের প্রকৌশলীদের নিয়ে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করছেন তারা। ইতোমধ্যে আন্দোলনরত কৌশলীরা শাহবাগ মোড় অবরোধ করেছেন।