Print

সারাদিন

আমাদের সময় কম, কৃষি আইন শীঘ্রই হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

প্রকাশিত: ৫:৪১ অপরাহন, গাস্ট ২৭, ২০২৫

সাভার সংবাদদাতা:

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমাদের সময় খুব বেশি দিন নাই। এর আগেই আমরা একটি কৃষি আইন করে দিয়ে যাব।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা মেদুলিয়া ডাবল ব্রিজ এলাকায় ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, কৃষিজমি অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। যেমন রোডস অ্যান্ড হাইওয়ে রাস্তা নির্মাণের সময় জমির মালিককে তিন গুণ দাম দিতে হয়, তেমনি এলজিইডিকেও জমি অধিগ্রহণের ক্ষেত্রে তিন গুণ দাম দিতে হবে।

তিনি কৃষকদের উদ্দেশে আরও বলেন, আপনারা জমির টপ সয়েল ইটভাটার মালিকদের কাছে বিক্রি করে দেন, এটা খুবই অন্যায়। এই দোআঁশ মাটি নষ্ট হলে ভালো ফসল উৎপাদন হয় না।

পলিথিন ও প্লাস্টিক বর্জনের আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগে বাপ-দাদারা চটের ব্যাগ ব্যবহার করতেন। আপনারাও সেভাবে পরিবেশবান্ধব জিনিস ব্যবহার করলে কৃষির উন্নতি হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছাম্মৎ ইয়াসমিন খাতুন, জেলা কৃষি কর্মকর্তা ড. রবীআহ নূরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Nagad
Nagad

দেশে ১০০ মিনি কোল্ডস্টোরেজ
সাভারের রাজালাখ হর্টিকালচার সেন্টারে আট মাস ধরে পরীক্ষামূলকভাবে দুটি মিনি কোল্ডস্টোরেজ চালানোর পর এবার মাঠপর্যায়ে ব্যবহারের জন্য আনুষ্ঠানিক উদ্বোধন হলো।

প্রাথমিকভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ১০০টি মিনি কোল্ডস্টোরেজ কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ব্যবস্থার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

কৃষকরা মৌসুমের অতিরিক্ত সবজি এই হিমাগারে সংরক্ষণ করে চাহিদা অনুযায়ী বাজারজাত করতে পারবেন। কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান জানিয়েছেন, কৃষকরা বিনামূল্যে ফসল সংরক্ষণের সুবিধা পাবেন এবং এর সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।