প্রকাশিত: ৮:২৫ অপরাহন, গাস্ট ২৭, ২০২৫
সারাদিন ডেস্ক
ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় খালাস পেয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। বুধবার (২৬ আগস্ট) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলম এ রায় ঘোষণা দেন।
ট্রাইব্যুনালের পেশকার মোহাম্মদ জুয়েল মিয়া জানান, এদিন মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারিত ছিল। তবে কোনো সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করে। শুনানি শেষে বিচারক সাক্ষ্য গ্রহণের কার্যক্রম স্থগিত করে খালাসের রায় দেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তৎকালীন প্রধান বনজ কুমার মজুমদার বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৩ সালের ৯ এপ্রিল ধানমন্ডি মডেল থানার পুলিশ পরিদর্শক মো. রবিউল ইসলাম চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
এরপর ২০২৩ সালের ২৫ জুলাই আদালত অভিযোগপত্র আমলে নেন। সে সময় মামলার অপর আসামি সাবেক এসপি বাবুল আক্তার ও তার পিতা মো. আব্দুল ওয়াদুদ মিয়াকে অব্যাহতি দেওয়া হয়। তবে সাংবাদিক ইলিয়াস হোসেন ও বাবুলের ভাই মো. হাবিবুর রহমান লাবুর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরে অভিযোগ গঠনের সময় লাবুকে অব্যাহতি দেওয়া হলেও ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ বহাল রাখা হয়।
আজকের রায়ের মাধ্যমে ইলিয়াস হোসেনও মামলার দায় থেকে মুক্ত হলেন।