প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্, গাস্ট ২৮, ২০২৫
সারাদিন ডেস্ক
তিন দফা দাবি আদায়ে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন। এদিন ক্লাস ও পরীক্ষা সব বন্ধ থাকবে।
বুধবার (২৭ আগস্ট) প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি জানানো হবে।
লিপু বলেন, আমাদের ৩ দফা দাবির কোনোটিই পূরণ হয়নি। পলিসি মেকাররা এখনো আমাদের আন্দোলনের বিষয়টি বুঝে উঠতে পারেননি। তবে জনদুর্ভোগ এড়াতে আমরা শাহবাগ অবরোধ করব না। তিনি আরও জানান, চার উপদেষ্টা ও প্রকৌশলীদের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটিতে শিক্ষার্থীদের একজন মনোনীত সদস্য যুক্ত হবেন।
এর আগে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সেখান থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে রওনা হলে পুলিশ তাদের বাধা দেয় এবং টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বৈঠকে বসেন তারা।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—
১. ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ শব্দ ব্যবহার না করা।
২. ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা।
৩. দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ নিশ্চিত করা।