প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২৫
পটুয়াখালী সংবাদদাতা:
পটুয়াখালীর বাউফলে উন্মোচিত হয়েছে কিশোরী উর্মী ইসলাম (১৫) হত্যারহস্য। তদন্তে জানা গেছে, প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে উর্মীকে শ্বাসরোধ করে হত্যা করেন তার মা, বাবা ও ভগ্নিপতি। পরে মরদেহ গোপন করতে খালে ফেলে দেন তারা।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে বাউফল থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর।
পুলিশ জানায়, গত ২৩ আগস্ট সকালে উপজেলার কুম্ভখালী গ্রামের একটি খাল থেকে উর্মীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বাউফল থানায় মামলা করেন নিহতের বাবা নজরুল ইসলাম।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, স্থানীয় এক যুবকের সঙ্গে উর্মীর প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে গত ২২ আগস্ট রাতে মা আমেনা বেগম (৪০), বাবা নজরুল ইসলাম (৪৫) ও ভগ্নিপতি কামাল হোসেনের (৩২) সঙ্গে তার তুমুল বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তারা মিলে উর্মীকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ খালে ফেলে দেন।
জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেন তিনজনই। পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তারা।
এসময় প্রেস ব্রিফিংয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার, ওসি (তদন্ত) আতিকুল ইসলামসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।