প্রকাশিত: ১:৪১ অপরাহন, গাস্ট ২৮, ২০২৫
সারাদিন ডেস্ক
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’-এর একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এর জের ধরে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘৭১ প্রজন্ম মঞ্চ’ নামের একটি সংগঠনের ব্যানারে লতিফ সিদ্দিকীসহ কয়েকজন আওয়ামী লীগ নেতা ডিআরইউতে উপস্থিত হন। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তাদের অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ গণমাধ্যমকে জানান, আটককৃতদের শাহবাগ থানায় নেওয়া হচ্ছে। এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ বলেন, “এখন এখান থেকে তাদের নিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।”
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে গত ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ আত্মপ্রকাশ করে। এতে বীর মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্ম ও ছাত্র-জনতার প্রতিনিধিরা যুক্ত আছেন। প্ল্যাটফর্মটির সমন্বয় করছেন অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।