প্রকাশিত: ১০:৫০ অপরাহন, গাস্ট ২৯, ২০২৫
সারাদিন ডেস্ক
রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (২৯ আগস্ট) রাতে বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলন করার প্রস্তুতির সময় আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ওপর হামলা করে। এতে নুরুল হক নুর মারাত্মক আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, রাত ৯টার পর গণঅধিকার পরিষদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধাওয়া দিলে তারা আল রাজী টাওয়ারের সামনে চলে আসে। সে সময় সেখানে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নুরুল হক নুরসহ তার দলের শীর্ষ নেতারা। এরপর আইনশৃঙ্খলা বাহিনী তাদের লাঠিপেটা করে।
এর আগে সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের মিছিলে অতর্কিত হামলা করেছে। তিনি জানান, আহত কর্মীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
অন্যদিকে, জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী দাবি করেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে। জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, গণঅধিকার পরিষদের হামলায় তাদের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন।