প্রকাশিত: ৯:২৩ পূর্বাহ্, গাস্ট ৩০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
ঘোষণা অনুযায়ী, আগামী শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করবে গণঅধিকার পরিষদ। এ কর্মসূচিতে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন-ছাত্র, যুব ও শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার রাতে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়, এ কর্মসূচির মাধ্যমে নুরুল হক নুরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানানো হবে এবং দোষীদের শাস্তির দাবি জানানো হবে।
প্রসঙ্গত, শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতিকালে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় মারাত্মক আহত হন নুরুল হক নুর। এসময় গণঅধিকার পরিষদ ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ঘটে। এর আগে একই এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে, যেখানে কয়েকজন সাংবাদিকসহ বহুজন আহত হন। সর্বশেষ আপডেট অনুযায়ি-তিনি আইসিইউতে চিকিৎসাধীন। এখন তার কিছুটা হুঁশ ফিরেছে।