Print

সারাদিন

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল রেকর্ড, মন্ত্রণালয়ের প্রতিবাদ

প্রকাশিত: ১২:১৬ অপরাহন, গাস্ট ৩০, ২০২৫

সারাদিন ডেস্ক

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে ভুয়া বা এআই-জেনারেটেড অডিও কল রেকর্ড তৈরি ও ছড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (৩০ আগস্ট) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৫ সেকেন্ডের একটি ভুয়া অডিও ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিপি নুরের বিষয়ে অজ্ঞাতনামা এক পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দিতে শোনা যায়। কিন্তু প্রকৃতপক্ষে এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা অন্য কোনো পদ্ধতিতে তৈরি বিকৃত কণ্ঠ।

এ ধরনের ভুয়া অডিও রেকর্ডকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ উল্লেখ করে মন্ত্রণালয় জানিয়েছে, এর মাধ্যমে সমাজে গুজব ছড়ানো হচ্ছে এবং জনগণ প্রকৃত তথ্য থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থি বলে উল্লেখ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভুয়া অডিও ছড়িয়ে দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ভুয়া কনটেন্ট তৈরি বা প্রচার থেকে বিরত থাকতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের সতর্ক করা হয়েছে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Nagad
Nagad