Print

সারাদিন

নুরের চিকিৎসায় মেডিকেল বোর্ড, ভেঙে গেছে চোয়ালের হাড়

প্রকাশিত: ১:৩৬ অপরাহন, গাস্ট ৩০, ২০২৫

সারাদিন ডেস্ক

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। হামলার ঘটনায় তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং চোয়ালের হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার চিকিৎসায় ইতোমধ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকালে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোস্তাক আহমেদ সাংবাদিকদের জানান, নুরের চোয়ালের হাড় ভেঙে গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং চোখে রক্ত জমাট রয়েছে। নিউরো সার্জারি, নাক-কান-গলা, আইসিইউসহ বিভিন্ন বিভাগের সিনিয়র চিকিৎসকদের সমন্বয়ে বোর্ড গঠন করা হয়েছে। মস্তিষ্কের রক্তক্ষরণের অবস্থা বোঝার জন্য তার আরেকটি সিটি স্ক্যান করা হবে।

ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, নুরের মাথা ও নাকে আঘাত রয়েছে। তার জ্ঞান ফিরেছে। তবে ৪৮ ঘণ্টা না গেলে তার শারীরিক অবস্থা নিয়ে কিছু বলা সম্ভব নয়।

এর আগে শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নুরসহ অন্তত ৫০ জন আহত হন। আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুর ও রাশেদ খান গুরুতর আহত হন। নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়, পরে রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।