Print

সারাদিন

‘চীন-ভারতের ওপর শুল্ক আরোপে মার্কিন বাজারে বাড়তি সুযোগ পাচ্ছে বাংলাদেশ’

প্রকাশিত: ১:৪৪ অপরাহন, গাস্ট ৩০, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চীন ও ভারতের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত পারস্পরিক শুল্ক নীতির কারণে বাংলাদেশ আগামী অর্থবছরে (২০২৫-২৬) বাড়তি রপ্তানি আয়ের সুযোগ পাচ্ছে। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন জানিয়েছেন, এ পরিস্থিতির ফলে শুধু মার্কিন বাজার থেকেই বাংলাদেশের আয় বাড়তে পারে দুই বিলিয়ন ডলারেরও বেশি।

শনিবার (৩০ আগস্ট) রাজধানীর পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) অডিটরিয়ামে ‘ম্যাক্রোইকোনমিক চ্যালেঞ্জ ও উত্তরণের পথ’ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মোয়াজ্জেম হোসেন স্মারক বক্তৃতা উপলক্ষে।

ড. জাহিদ হোসেন বলেন, ভারত ও চীনের ওপর উচ্চ শুল্ক আরোপ করায় মার্কিন ক্রেতারা বিকল্প সরবরাহকারী খুঁজছে। বাংলাদেশের জন্য এটি একটি বড় সুযোগ। তবে এ সুযোগ কাজে লাগাতে হলে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা আরও বাড়াতে হবে।

এদিকে যুক্তরাষ্ট্র ভারতের রপ্তানি পণ্যে দ্বিগুণ শুল্ক আরোপ করেছে। এর সঙ্গে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানির কারণে অতিরিক্ত ২৫ শতাংশ কর যুক্ত হয়ে ভারতের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক কার্যকর হয়েছে। এটি ব্রাজিল ছাড়া অন্য কোনো দেশের ক্ষেত্রে নেই।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছেন, কৃষক ও দেশের স্বার্থে কোনো আপস করা হবে না। ভারতীয় সরকারের হিসাবে, নতুন শুল্কনীতির কারণে প্রায় ৪ হাজার ৮২০ কোটি ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে।

Nagad
Nagad