Print

সারাদিন

জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কেউ রুখতে পারবে না: সালাহউদ্দিন

প্রকাশিত: ৩:০৩ অপরাহন, গাস্ট ৩০, ২০২৫

সারাদিন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন কেউ রুখতে পারবে না, আল্লাহ ছাড়া আর কারও সে শক্তি নেই।

তিনি বলেছেন, গতকাল একটি রাজনৈতিক দলের সংবাদ সম্মেলন শুনলাম-যদি পিআর পদ্ধতির নির্বাচন না হয় তারা নাকি বাংলাদেশের নির্বাচন করতে দেবে না। আমরা বলতে চাই, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন কেউ রুখতে পারবে না। এই শক্তি কারও নেই। একমাত্র আল্লাহ্ রব্বুল আলামিন ছাড়া।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে নেত্রকোনায় জেলা বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, বিলম্বিত করতে চায়, বিভিন্ন ঠুনকো বাহানায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই— গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম আমরা সবাই ঐক্যবদ্ধভাবে। এই গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা রক্ত দিয়েছি। আপনারা আমরা সবাই সম্মিলিতভাবে। পুরো জাতি ঐক্যবদ্ধ ভাবে আমরা আন্দোলনে লিপ্ত ছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে। যেই ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক ঐক্য সৃষ্টি হয়েছে, আমরা সেই গণতান্ত্রিক ঐক্যকে সমুন্নত রাখি। সুতরাং নির্বাচন নিয়ে আপনারা কেউ ধোঁয়াশা সৃষ্টি করবেন না।

দীর্ঘ ১১ বছর পর নেত্রকোনায় অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন সালাহউদ্দিন আহমেদ। দুপুর ১২টায় শহরের মোক্তারপাড়া মাঠে শুরু হওয়া সম্মেলনকে ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ব্যানার-ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে পুরো শহর।

সম্মেলনে প্রধান অতিথি ছাড়াও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, নির্বাহী কমিটির সদস্য লুৎফুজ্জামান বাবরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Nagad
Nagad

এবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০টি উপজেলার ১ হাজার ৫১৫ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালের ২৫ অক্টোবর।