Print

সারাদিন

দেশের স্বার্থই সর্বাগ্রে, কোনও স্থায়ী বন্ধু বা শত্রু নেই: রাজনাথ সিং

প্রকাশিত: ৩:২০ অপরাহন, গাস্ট ৩০, ২০২৫

সারাদিন ডেস্ক

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের স্বার্থই সর্বাগ্রে—আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক উত্তেজনার প্রেক্ষাপটে তার এ মন্তব্য কূটনৈতিক বার্তা হিসেবেই দেখা হচ্ছে। খবর, হিন্দুস্তান টাইমস।

রাজনাথ সিং বলেন, স্থায়ী বন্ধু বা শত্রু নেই, কেবল স্থায়ী স্বার্থ আছে। ভারত কাউকেই শত্রু মনে করে না। তবে দেশের জনগণের স্বার্থের সঙ্গে কোনও আপস করা হবে না।

প্রতিরক্ষা খাতে ভারতের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, ২০১৪ সালে যেখানে প্রতিরক্ষা রফতানি বাজার ছিল ৭০০ কোটি টাকারও কম, সেখানে বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার কোটি টাকায়। এর মধ্য দিয়ে ভারত শুধু ক্রেতা নয়, রফতানিকারক দেশ হিসেবেও শক্ত অবস্থান তৈরি করেছে।

তিনি আরও বলেন, আত্মনির্ভর ভারতের পথে প্রতিরক্ষা খাত এগোচ্ছে। এখন সব যুদ্ধজাহাজ দেশেই তৈরি হচ্ছে। নৌবাহিনীও বিদেশ থেকে না কিনে নিজস্ব উৎপাদনের ওপর নির্ভর করার প্রতিশ্রুতি দিচ্ছে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পরপরই রাজনাথের এ মন্তব্য আসে। এর আগে নাম উল্লেখ না করেই তিনি ট্রাম্পকে উদ্দেশ করে বলেছিলেন, ভারতের অগ্রগতি অনেকেরই সহ্য হচ্ছে না।

Nagad
Nagad