Print

সারাদিন

পাগলা মসজিদের সিন্দুকে রেকর্ড দান: ১২ কোটি ৯ লাখ টাকা

প্রকাশিত: ৮:৫৩ অপরাহন, গাস্ট ৩০, ২০২৫

কিশোরগঞ্জ সংবাদদাতা:

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে আবারও দানের রেকর্ড গড়েছে। চার মাস ১৭ দিন পর শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় খোলা হয় মসজিদের ১৩টি দানবাক্স। টানা ১৩ ঘণ্টা গণনা শেষে রাত ৮টার দিকে জানানো হয়—এইবার পাওয়া গেছে সর্বোচ্চ ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা।

এছাড়া দানবাক্স থেকে পাওয়া গেছে স্বর্ণালঙ্কার, রূপা ও বৈদেশিক মুদ্রা। প্রথমবারের মতো চালু হওয়া অনলাইন প্ল্যাটফর্ম থেকেও এসেছে প্রায় ৫ লাখ টাকা।

প্রায় সাড়ে চার শতাধিক কর্মী, ব্যাংক কর্মকর্তা, মাদরাসার ছাত্র ও স্বেচ্ছাসেবকরা এ গণনায় অংশ নেন। পুরো প্রক্রিয়া তদারকি করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। নিরাপত্তায় ছিলেন সেনা, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, দানকারীরা বিশ্বাস করেন এখানে দান করলে মনোবাসনা পূর্ণ হয়। সব ধর্মের মানুষই এ মসজিদে দান করেন। নগদ টাকার পাশাপাশি অনেকে দেন গরু, ছাগল, হাঁস-মুরগিও।

এই তহবিল থেকে দরিদ্র ক্যান্সার, কিডনি ও জটিল রোগীদের সহায়তা করা হয়। ভবিষ্যতে প্রায় শতকোটি টাকা ব্যয়ে এখানে নির্মিত হবে আন্তর্জাতিক মানের বহুতল ইসলামিক কমপ্লেক্স।

তিন গম্বুজবিশিষ্ট এই তিনতলা ঐতিহ্যবাহী মসজিদ এখন শুধু কিশোরগঞ্জ নয়, দেশ-বিদেশের মানুষের বিশ্বাস ও আবেগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Nagad
Nagad