Print

সারাদিন

অবাধ-সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনো সংশয় আছে: রিজভী

প্রকাশিত: ৩:১৮ অপরাহন, গাস্ট ৩১, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে বিএনপির এখনো সংশয় রয়েছে বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে নির্বাচন কমিশন (ইসি) আশ্বস্ত করেছে যে তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনে যথাযথ প্রস্তুতি নিচ্ছে।

রোববার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), সীমানা পুনর্নির্ধারণ ও প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আলোচনা হয়েছে। কোনো নির্দিষ্ট আসন নিয়ে কথা হয়নি। তবে প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো দোসররা আছে, যারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এ বিষয়ে ইসির প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছি।

তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের সংশয় আছে। তবে কমিশন জানিয়েছে তারা সাংবিধানিক দায়িত্ব পালন করবে এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করবে।

পিআর পদ্ধতি নিয়ে বিএনপির এই নেতা বলেন, রাজনৈতিক দলগুলোর নানা বক্তব্য থাকতে পারে। আমরা পিআর পদ্ধতির চ্যালেঞ্জ নানা সময়ে তুলে ধরেছি।

নূরুল হক নুরের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন নুর। তার ওপর যেভাবে হামলা হয়েছে এটা নিন্দনীয়। তার ওপর হামলার বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। 

Nagad
Nagad

নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, কে নিবন্ধন পাবে, কে পাবে না, এটা কমিশনের এখতিয়ার।