প্রকাশিত: ৩:২৮ অপরাহন, গাস্ট ৩১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আখতারুজ্জামান পদত্যাগ করেছেন। রোববার (৩১ আগস্ট) তিনি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।
এর আগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তদন্তের অংশ হিসেবে বিচারপতি আখতারুজ্জামানকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সামনে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হয়। সেই ব্যাখ্যা দেওয়ার পরই তিনি পদত্যাগপত্র জমা দেন।
চলতি বছরের ২৩ মার্চ বিচারপতি আখতারুজ্জামানের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশনা দিয়েছিলেন রাষ্ট্রপতি।
গত বছরের ১৬ অক্টোবর অনিয়ম ও ফ্যাসিস্ট সরকারের সহযোগী হওয়ার অভিযোগে হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানো হয় এবং তাদের বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এদের মধ্যে ছিলেন বিচারপতি আখতারুজ্জামানও।
ছুটিতে পাঠানো ওই ১২ বিচারপতি হলেন-বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি শাহেদ নূর উদ্দিন, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মো. আমিনুল ইসলাম, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান।
অভিযোগ ওঠার পর থেকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তাদের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে।