Print

সারাদিন

শিক্ষার্থী-স্থানীয়দের সংঘর্ষে ফের রণক্ষেত্র বিশ্ববিদ্যালয় এলাকা,বহু শিক্ষার্থী আহত

প্রকাশিত: ৩:৫৬ অপরাহন, গাস্ট ৩১, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে। এক ছাত্রীকে হেনস্তার ঘটনাকে কেন্দ্র করে আজ রোববার (৩১ আগস্ট) দুপুর থেকে ফের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে তুমুল সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ আরিফসহ বহু শিক্ষার্থী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্থানীয়রা শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা প্রতিরোধের চেষ্টা করলেও বারবার পিছু হটতে হয়। সংঘর্ষে প্রক্টরসহ বহু শিক্ষার্থী আহত হন।

শিক্ষার্থীদের অভিযোগ, সকাল থেকেই সেনা টহল থাকলেও দুপুরে সংঘর্ষ শুরু হলে তাদের দেখা যায়নি। ফলে সহিংসতা দমনে ব্যর্থতা দেখা দেয়।

এর আগে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী দারোয়ানের হাতে মারধরের শিকার হন। ওই ঘটনার জেরে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে ২০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করেন, রাত ১২টার মধ্যে হলে ফিরলেও দারোয়ান দরজা খুলতে অস্বীকৃতি জানান এবং অকথ্য ভাষায় গালিগালাজের পর তাকে মারধর করেন।

চবির সিনিয়র মেডিকেল অফিসার মো. টিপু সুলতান জানান, একদিনে এত সংখ্যক আহত শিক্ষার্থী তিনি আগে দেখেননি। গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

Nagad
Nagad

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তানভীর মোহাম্মদ আরিফ বলেন, উপাচার্য, সহ-উপাচার্য ও সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে বৈঠক হয়েছে। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনা হবে।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন জানিয়েছেন, পরীক্ষার্থীদের অনেকে আহত হওয়ায় আপাতত সব পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।