প্রকাশিত: ৬:২০ অপরাহন, গাস্ট ৩১, ২০২৫
সারাদিন ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথবাহিনীর অভিযান শুরু হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেল ৪টার দিকে ক্যাম্পাসের আশপাশে যৌথবাহিনীর অন্তত ১০টি গাড়ি প্রবেশ করতে দেখা যায়।
এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২নং গেট এলাকায় স্থানীয় লোকজন ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে হাটহাজারী উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। রোববার বিকেল ৩টা থেকে আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত হাটহাজারী পৌর এলাকা ও বিশ্ববিদ্যালয়-সংলগ্ন ১০ কিলোমিটার এলাকায় এ ধারা কার্যকর থাকবে।
এই সময়ে কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ, শোভাযাত্রা, অস্ত্র বহন এবং পাঁচজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার রাতে এক নারী শিক্ষার্থীকে বাসার দারোয়ান মারধরের জেরে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তখনই সেনা মোতায়েন করা হয়। তবে রোববার দুপুরে ফের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় স্থানীয়রা।
এ ঘটনায় সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের পক্ষ থেকে কড়া নির্দেশনা রয়েছে। চবি ছাত্রনেতাদের সাথে যোগাযোগ করে জানা গেছে, সংঘাত এখনও চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করুন, সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না।