প্রকাশিত: ৬:৪১ অপরাহন, গাস্ট ৩১, ২০২৫
সারাদিন ডেস্ক
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে ‘নৃশংস ও ন্যক্কারজনক’ আখ্যা দিয়ে তার স্ত্রী মারিয়া নুর বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আট বছরেও তার স্বামীর ওপর এত ভয়াবহ হামলা হয়নি। রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। এ সময় কান্নাজড়িত কণ্ঠে মারিয়া নুর উন্নত চিকিৎসার জন্য তার স্বামীকে দেশের বাইরে নিয়ে যাওয়ার দাবি জানান।
মারিয়া নুর বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলেও ডাকসু নির্বাচনসহ বিভিন্ন সময়ে নুরের ওপর হামলা হয়েছে, কিন্তু বর্তমানে ফ্যাসিস্টমুক্ত দেশে প্রশাসনের সময়ে এ ধরনের ভয়ঙ্কর হামলা হবে, তা ছিল কল্পনাতীত।
তিনি আরও বলেন, আমার জীবনটা সম্পূর্ণ আলাদা, তারপরও আজ মিডিয়ার সামনে আসতে বাধ্য হলাম। গত ৩০ তারিখের ঘটনা যখন লাইভে দেখছিলাম, তখন আমি কল্পনাও করতে পারিনি। আমি স্তব্ধ হয়ে গেছি, কিছু বর্ণনা করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না।
নুরের স্ত্রী জানান, তার স্বামীর শারীরিক অবস্থা এখনও ভালো নয়। শারীরিকভাবে এতটাই আঘাত করা হয়েছে যে, ব্রেন, নাক, চোয়াল, এবং ভেতর থেকে মেরুদণ্ডসহ বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। ডাক্তাররা বলেছেন, ৭২ ঘণ্টা না গেলে কিছু বলা সম্ভব নয়। তার মানে তিনি এখনো আশঙ্কামুক্ত নন।
মারিয়া নুর দেশবাসীর কাছে তার স্বামীর জন্য দোয়া চেয়ে বলেন, উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার ব্যবস্থা করা হোক।