প্রকাশিত: ৭:০০ অপরাহন, গাস্ট ৩১, ২০২৫
সারাদিন ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার (৩১ আগস্ট) পর্যন্ত দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ সাত হাজার ৫০৪ জন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
নতুন এই তালিকা অনুযায়ী, মোট ভোটারের মধ্যে ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন পুরুষ এবং ৬ কোটি ২২ লাখ পাঁচ হাজার ৮১৯ জন মহিলা। এছাড়াও, হিজড়া ভোটার রয়েছেন ১২৩০ জন।
রোববার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।
গত ১০ আগস্ট ৪৬ লাখের মতো ভোটারের একটি খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল। এরপর দাবি-আপত্তি যাচাই-বাছাই ও সংশোধনের পর আজ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো।
ইসি সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, এবার ভোটার তালিকা তিনটি ধাপে চূড়ান্ত হবে। এ বছরের শুরুতে ২ মার্চ পর্যন্ত মোট ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখের বেশি। এরপর বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে বাদ পড়া ভোটারদের এই তালিকায় যুক্ত করা হয়েছে।
নির্বাচন কমিশন সচিব জানান, ভোটার তালিকা আইন সংশোধনের কারণে জাতীয় নির্বাচনের আগে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হওয়ার যোগ্য বা ১৮ বছর বয়সী হবেন, তাদেরও তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এরপর নির্বাচনের ঠিক আগে চূড়ান্ত ভোটার সংখ্যা ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, রোজা শুরুর আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।