প্রকাশিত: ৯:১৮ অপরাহন, গাস্ট ৩১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা রকম ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেন, জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না।
রোববার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ৪৭ বছরের পথচলায় বিএনপি সবসময় দেশের জনগণের সমর্থন পেয়েছে। তিনি গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ থেকে বিচ্যুত না হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতিজ্ঞা করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘৯০ এর স্বৈরাচারবিরোধী এবং ’২৪ এর ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের ত্যাগেই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন জনগণের অধিকার প্রতিষ্ঠার সময় ও সুযোগ এসেছে। তার মতে, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অভিযোগ করেন যে, নির্বাচনকে ঘিরে একটি অদৃশ্য শক্তি কাজ করছে। তিনি বলেন, জনগণ লক্ষ্য করতে শুরু করেছে যে, নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ বিনষ্ট করার ক্ষেত্রে সেই অশুভ শক্তির অপতৎপরতা সাম্প্রতিক সময়ে দৃশ্যমান হয়ে উঠছে।
তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে নিজেদের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ করছে এবং পরিকল্পিতভাবে নির্বাচনের পথে বাধা সৃষ্টির চেষ্টা করছে। তিনি মনে করেন, পুথিগত সংস্কারের চেয়ে কার্যকর গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা অনেক বেশি জরুরি।
গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সংস্কারের প্রয়োজন রয়েছে অবশ্যই। তবে জনগণের অধিকার চর্চা ও প্রয়োগের পথ সৃষ্টি না করে কোনো সংস্কারকেই টেকসই করা যাবে না।
তিনি সতর্ক করে বলেন, নির্বাচন হতে দেওয়া হবে না-এ ধরনের উচ্চারণ ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্যকে দুর্বল করবে এবং পলাতক অপশক্তির পুনরুত্থানের প্রাসঙ্গিকতা তৈরি করবে।
তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচারের মতো বিএনপির বিজয় ঠেকানোর অপরাজনীতির পরিবর্তে আসুন, আগে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে দায়বদ্ধ সরকার গঠন করি সকলে মিলে। এরপর রাজনৈতিক দলগুলোর আরও সকল যৌক্তিক দাবিগুলোর সমাধানের পথ খুঁজি আমরা। রাষ্ট্র রাজনীতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য শর্ত শিথিল করে নির্বাচনের পথে হাঁটাই এখন সময়ের দাবি। জনগণের ভোটের অধিকার প্রয়োগ করে নির্বাচনকেন্দ্রিক গণতন্ত্র চর্চার মাধ্যমে আমরা রাষ্ট্র ও সমাজে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি।
নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান আরও বলেন, মব ভায়োলেন্সকে আমরা কেউ প্রশ্রয় দেবো না।