Print

সারাদিন

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, অন্তত ২০ জন নিহত

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্, সেপ্টেম্বর ১, ২০২৫

সারাদিন ডেস্ক

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৩১ আগস্ট) স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে পাকিস্তান সীমান্তের কাছে নানগারহার প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ এবং গভীরতা মাত্র ৮ কিলোমিটার।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে নানগারহার ও কুনার প্রদেশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে আহতদের নানগারহার ও কুনারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্গম পাহাড়ি অঞ্চলে অবস্থান ও দুর্বল অবকাঠামোর কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কম্পন অনুভূত হয়েছে রাজধানী কাবুল ও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও। ইউএসজিএস আরও জানিয়েছে, প্রধান কম্পনের পর অন্তত তিনটি আফটারশক হয়েছে, যার মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২।

এর আগে গত সপ্তাহেই নানগারহারে বন্যায় প্রাণহানি হয়েছিল পাঁচজনের। প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ আফগানিস্তানে ভূমিকম্পের ইতিহাস দীর্ঘ। শুধু গত তিন দশকেই দেশটিতে ভূমিকম্পে প্রাণ গেছে ১০ হাজারেরও বেশি মানুষের।

Nagad
Nagad