Print

সারাদিন

আফগানিস্তানের ভূমিকম্পে নিহত বেড়ে ৫০০, আহত সহস্রাধিক

প্রকাশিত: ১২:৪১ অপরাহন, সেপ্টেম্বর ১, ২০২৫

সারাদিন ডেস্ক

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে ৫০০, আহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ। দেশটির পূর্বাঞ্চলে রোববার গভীর রাতে আঘাত হানা এই ভূমিকম্পটি রিখটার স্কেলে ৬ মাত্রার ছিল।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের মাত্র ৮ কিলোমিটার গভীরে। প্রধান কম্পনের পর অন্তত আরও তিনটি ‘আফটার শক’ অনুভূত হয়েছে, যার মাত্রা ৪.৫ থেকে ৫.২।

ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তানের রাজধানী কাবুল, যা কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে।

আফগানিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, কুনার প্রদেশের নুর গাল, সাওকি, ওয়াটপুর, মানোগি এবং চাপা দারার মতো জেলাগুলোতে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিধসের কারণে কিছু এলাকায় উদ্ধারকারীরা এখনও পৌঁছাতে পারছেন না।

আন্তর্বর্তী প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছে, স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা উদ্ধারকাজে নিয়োজিত। তিনি আশ্বাস দিয়েছেন, জীবন বাঁচাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

ভৌগলিক কারণে আফগানিস্তান দীর্ঘ ইতিহাসে ভূমিকম্পপ্রবণ। গত তিন দশকে দেশটিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০ হাজারেরও বেশি। উল্লেখযোগ্য ভূমিকম্পের মধ্যে রয়েছে ১৯৯১, ১৯৯৭ ও ১৯৯৮ সালের ভয়াবহ কম্পনগুলো।

Nagad
Nagad