প্রকাশিত: ১২:৫৩ অপরাহন, সেপ্টেম্বর ১, ২০২৫
সারাদিন ডেস্ক
রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিন থেকে জ্যাকসন (৫০) নামে একজন মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জ্যাকসন গত ২৭ আগস্ট হোটেলে একটি রুম ভাড়া নেন। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের মাধ্যমে হোটেল রুমটি নেন তিনি।
ওসি হাফিজুর রহমান জানান, দু’দিন ধরে জ্যাকসন কোনো খাবার অর্ডার না করলে হোটেল কর্তৃপক্ষ সন্দেহ প্রকাশ করে এবং বিষয়টি পুলিশ ও দূতাবাসকে জানায়। পরে হোটেলে গিয়ে দেখা যায়, জ্যাকসন মৃত অবস্থায় বিছানায় পড়ে আছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, তার মৃত্যু স্বাভাবিক প্রতীয়মান। জ্যাকসন বাংলাদেশে ব্যবসায়িক কাজে এসেছিলেন। মৃতদেহটি হোটেল কর্তৃপক্ষের লিখিত আবেদন অনুযায়ী দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়েছে।